শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদনটি জমা দেয়। চিফ প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব ছাড়াও এই মামলার আসামির তালিকায় রয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মোজাম্মেল হক বাবু (সাবেক প্রধান সম্পাদক, একাত্তর টিভি), ফারজানা রূপা (সাবেক প্রধান প্রতিবেদক, একাত্তর টিভি) ও শাহরিয়ার কবীর (লেখক ও গবেষক)
বর্তমানে এই মামলায় ৪ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।
কুরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল এবং ধর্মীয় অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধানসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম।
হেফাজতের নেতাকর্মীরা যখন ঢাকার বিভিন্ন প্রবেশমুখে জড়ো হচ্ছিলেন, তখন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। ফলে দিনভর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
পরবর্তীতে গভীর রাতে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যৌথ বাহিনী ও দলীয় ক্যাডারদের মাধ্যমে অপারেশন চালানো হয়, যা দেশ-বিদেশে 'শাপলা চত্বরের হত্যাযজ্ঞ' হিসেবে পরিচিত। তবে বিগত আওয়ামী লীগ সরকার সব সময় এই হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করে আসছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে হেফাজতে ইসলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই আলোচিত মামলার তদন্ত শেষ করলো।
এদিকে মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে আজ সকালে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সমন্বয়ে ১০-১৫ জনের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আসেন এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন।
Comments