সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: বিদ্যুৎমন্ত্রী
আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।" শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ জেলা সিরাজগঞ্জের মিরপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে। সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
বিদ্যুৎমন্ত্রী অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দেশের তাঁত শিল্পকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে। তারা শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করে গেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশের বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে এবং অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, "এই নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি। 'দিনে ভোট রাতে গণনা'র মতো কোনো কারচুপি ছাড়া সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে।"
শেখ হাসিনার আমলের স্মৃতিচারণ করে টুকু বলেন, "শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় আমি জীবিত দেশে ফিরব না, আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় স্বৈরাচারের পতন হয়েছে, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আর আমি স্বাধীন দেশে বীরের বেশে ফিরে এসেছি।"
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Comments