রাজধানী থেকে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী সব বাস-ট্রাকসহ অননুমোদিত যানবাহন দ্রুত সরিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণ ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় বায়ু ও শব্দদূষণ প্রতিরোধ এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনাসমূহ
মেয়াদোত্তীর্ণ ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন রাস্তা থেকে অপসারণের পাশাপাশি রাজধানীর আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সড়কে হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হতে বলা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার মতো হর্ন বাজানো নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা ও প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। ঢাকার বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ ইটভাটা। পরিবেশের ক্ষতি কমাতে সনাতন পদ্ধতি বন্ধ করে দ্রুত পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের নীতিনির্ধারক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ।
Comments