ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে 'জুলাই'-কে ব্যবহার করতে চায় বিরোধীদল: মির্জা ফখরুল
"বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থানকে ব্যবহার করতে চায়। আমরা চাই না ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই কোনো রাজনৈতিক হাতিয়ারে পরিণত হোক"— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের চেতনা ও সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা একসঙ্গে জুলাই সনদে স্বাক্ষর করেছি। তবে গণভোটের একটি অংশ নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা একমত হইনি। সে সময়ও আমি বক্তব্য দিয়েছিলাম যে, এটি জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা। জাতীয় ঐকমত্য কমিশন আমাদের সম্মতি (কনসেন্ট) ছাড়াই জুলাই সনদে এই বিষয়গুলো যুক্ত করেছে।"
রাষ্ট্রীয় সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের পক্ষে কথা বলেছে, সংবিধান সংস্কারের কথা কখনো বলেনি। দেশে প্রকৃত সংস্কার বিএনপিই এনেছে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের সূচনা বিএনপিই করেছিল। সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানও বিএনপি পার্লামেন্টে সারারাত কাজ করে পাস করেছিল।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, 'আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম, তখন দেশের সর্বস্তরের শিক্ষিত সমাজ, শিক্ষক ও বুদ্ধিজীবীদের এক কাতারে আনার চেষ্টা করেছি, যেন তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি।'
এই অর্জিত সুযোগের ওপর ভর করে দেশে একটি সত্যিকারের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
Comments