চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ লাখ, পুরোদমে পুনর্বাসন শুরু: অর্থমন্ত্রী
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কাজ শুরু হয়েছে এবং পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
আজ শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন,ইতিমধ্যেই বন্যাকবলিত প্রায় এক লাখ মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে চাল, শুকনো খাবার এবং রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রাণ বিতরণের পাশাপাশি গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের কাজও সমান্তরালভাবে শুরু করা হয়েছে।
ভয়াবহ বন্যায় চট্টগ্রামের গ্রামীণ ও প্রধান সড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে মন্ত্রী জানান, বন্যার পানি নামার সাথে সাথেই ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সড়ক সংস্কারের কাজও শুরু হয়ে গেছে যাতে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা যায়।
পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী সড়কপথে চন্দনাইশের উদ্দেশে রওনা হন। এছাড়াও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বিভিন্ন দুর্গত এলাকা সরজমিনে পরিদর্শন এবং বন্যার্ত মানুষের মাঝে সরাসরি ত্রাণ বিতরণের কথা রয়েছে তাঁর।
Comments