গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
কবর জিয়ারত শেষে এনসিপি নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন।
জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, 'গণঅভ্যুত্থানের পর আমাদের প্রধান দাবি ছিল তিনটি—বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিচার ও প্রকৃত সংস্কার বাংলাদেশের জনগণ এখনো পায়নি। শহীদ আবু সাঈদের হত্যা মামলার রায় আমরা পেয়েছি, কিন্তু সেই রায় এখনো কার্যকর করা হয়নি।'
তিনি অবিলম্বে শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডের সকল মামলার রায় কার্যকরের দাবি জানিয়ে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হয়। এতে আন্দোলনে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত মানুষ প্রকৃত ন্যায়বিচার পাবেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সরকারের সমালোচনা করে বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে রায় দিলেও বর্তমান সরকার তা কার্যকর করছে না। তিনি বলেন, সরকার মুখে মুখে জুলাই সনদ কার্যকর করার কথা বলছে, যা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা তাদের প্রতিশ্রুত ৩১ দফার সাথে প্রতারণা করেছে। সংবিধান সংস্কার কমিশন গঠন করার কথা থাকলেও সরকার তা এখনো করেনি।
'সরকার ও বিরোধী দল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করছে'—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এমন বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সত্যিকার অর্থে দেশের সংস্কার ও বিচার করতে চায় এবং ফ্যাসিবাদের বিলুপ্তি ও স্বাধীন পররাষ্ট্রনীতি নিশ্চিত করে, তবে বিরোধী দল হিসেবে তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'রাষ্ট্র ও জনগণের স্বার্থে আমাদের এক কাতারে দাঁড়ানো উচিত। কিন্তু সরকারের আচরণে আমরা তেমন কোনো আলামত দেখতে পাচ্ছি না। জুলাই সনদ অবশ্যই গণভোটের রায়ের আলোকে বাস্তবায়ন করতে হবে। সরকার যদি তাদের নিজস্ব 'নোট অফ ডিসেন্ট' (ভিন্নমত)-এর আলোকে এটি করতে চায়, তবে সেখানে আমাদের কোনো সহযোগিতা বা অংশগ্রহণ থাকবে না।'
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments