ডেঙ্গু রুখতে ফুলহাতা শার্ট ও লম্বা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং শরীর ঢাকা পোশাক (ফুলহাতা শার্ট, লম্বা পায়জামা বা লুঙ্গি) পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক জরুরি নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরকারের এসব প্রস্তুতি ও নির্দেশনার কথা তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সাধারণ মানুষের সুবিধার্থে ডেঙ্গু চিকিৎসায় সরকার বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের 'এনএসওয়ান' (NS1) পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। আইজিজি (IgG) ও আইজিএম (IgM) পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি মেডিকেল ও হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তারা সরকারি রেটেই পরীক্ষা করতে সম্মত হয়েছে।
দেশের ১২টি জেলায় ইতিমধ্যে ১০ শয্যার আইসিইউ চালু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও ৫টি জেলায় এই সুবিধা চালু হবে। ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিলে তা মোকাবিলায় মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে কাজে লাগানোর প্রস্তুতিও সরকারের রয়েছে।
মন্ত্রী জানান, বর্তমানে ডেঙ্গু পরীক্ষার জন্য স্মরণকালের সর্বোচ্চ রিএজেন্ট ও কিট মজুদ রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় ঔষধাগারে ১ লাখ ৬ হাজার ৬০০টি কিট রয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আরও ৫ লাখ কিট যুক্ত হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ রিজার্ভ হিসেবে ১ লাখ স্যালাইন ব্যাগ সংরক্ষণ করা হয়েছে।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম:
- ২০২৪ (জানুয়ারি-জুন): আক্রান্ত ৮,৯৭৮ জন, মৃত্যু ২৮ জন।
- ২০২৫ (জুলাই পর্যন্ত): আক্রান্ত ১৫,২১০ জন, মৃত্যু ৫৮ জন।
মন্ত্রী বলেন, গতবারের তুলনায় আক্রান্ত ও মৃত্যু অর্ধেকেরও কম হলেও সরকার আত্মতুষ্টিতে ভুগছে না। মশা নিধনে সিটি কর্পোরেশন ও পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। অনেক সময় বাড়ির ভেতর মশক নিধনকর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়, যা কাম্য নয়। মন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার আহ্বান জানান এবং সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।
Comments