শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার: ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদল
পূর্বঘোষিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের অবস্থান থেকে সরে এসে এবার সুনির্দিষ্ট ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা হন।
এর আগে বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের গতিপথ আটকে দেয়। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মধ্য থেকে ৬ জন প্রতিনিধিকে আলোচনার জন্য সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পেশ করা দাবিগুলো নিচে তুলে ধরা হলো:
-
১. পুনঃপরীক্ষার সুযোগ: দুর্যোগপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যেসকল শিক্ষার্থী আশানুরূপ ফল পায়নি, তাদের জন্য পুনরায় পরীক্ষায় বসার সুযোগ নিশ্চিত করতে হবে।
-
২. সর্বোচ্চ নম্বর গণনা: একই বিষয়ে কেউ পুনরায় পরীক্ষা দিলে, পূর্বের পরীক্ষা এবং পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে যেটি সর্বোচ্চ নম্বর, সেটিকে চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।
-
৩. ভুল প্রশ্নের পূর্ণ নম্বর: প্রশ্নপত্রে থাকা যেকোনো ভুলের জন্য পরীক্ষার্থীদের সম্পূর্ণ (পূর্ণ) নম্বর প্রদান করতে হবে।
-
৪. পরীক্ষার জন্য সময় প্রদান: চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দিয়ে এরপর পরবর্তী পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে।
-
৫. প্রশ্নপত্রের আকস্মিক পরিবর্তন বিবেচনা: পূর্বঘোষণা ছাড়াই প্রশ্নপত্রের কাঠামোতে যে পরিবর্তন আনা হয়েছে—যা শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল—তা বিবেচনায় নিয়ে সহানুভূতির সাথে খাতা মূল্যায়ন করতে হবে।
-
৬. শিক্ষকদের আচরণ সংশোধন: পরীক্ষা চলাকালে 'সচেতন গার্ড'-এর নামে কিছু শিক্ষকের মাত্রাতিরিক্ত কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যা পরীক্ষার্থীদের মধ্যে অহেতুক ভীতি ও মানসিক চাপ সৃষ্টি করে।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শিক্ষার্থীদের এই প্রতিনিধিদলের আলোচনা চলছে। বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হবে বলে জানা গেছে।
Comments