শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: দ্বিতীয় দিনেও সড়কে শিক্ষার্থীরা, অচল রাজধানী
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকার রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত 'লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়' কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন অঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বড় একটি অংশ বন্যাকবলিত এবং রাজধানীতেও তীব্র জলাবদ্ধতা চলছে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনেক পরীক্ষার্থীর পক্ষে সময়মতো কেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো:
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা অবিলম্বে স্থগিত করা। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা। পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে সম্বোধন করার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হয়ে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করবেন। আজকের আন্দোলনের সম্ভাব্য রুট ও অবস্থানসমূহ: ১. উত্তরা (বিএনএস সেন্টারের সামনে) ২. শাহবাগ ৩. সায়েন্সল্যাব ৪. মগবাজার
এর আগে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকেও শিক্ষার্থীরা সায়েন্সল্যাব, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন সড়ক অবরোধ করেছিলেন। এর ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনেও ঢাকার প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নীলক্ষেত মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং সায়েন্সল্যাব মোড়সহ অন্যান্য পয়েন্টে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
Comments