তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার পাশাপাশি সারা দেশে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নিজের সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেছেন তিনি।
গত মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে 'বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২৬' পাসের আগে সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নিজের বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সংসদে শিক্ষামন্ত্রী বলেন, "আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা কাউকে ছোট করার জন্য কিছু বলিনি। তারপরও আমার বক্তব্যের কারণে কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন, তবে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।" মন্ত্রীর এই দুঃখ প্রকাশের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁর বক্তব্যকে স্বাগত জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষা পেছানো ও পুনরায় নেওয়ার দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা—এই পরীক্ষার দিনগুলোতে প্রচণ্ড বৃষ্টি ছিল। আমাদের কাছে অভিযোগ এসেছে যে, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক শিক্ষার্থী ভিজে গেছে এবং প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষা ভালোভাবে দিতে পারেনি। আমরা যদিও প্রশ্নপত্র ও সামগ্রিক ব্যবস্থাপনার ব্যাপারে সবসময় সজাগ ছিলাম, তবুও শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করেছি।"
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষার সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "বন্যার কারণে আমরা ইতিমধ্যেই চট্টগ্রাম বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি এবং সেই পরীক্ষাগুলো আমাদের পুনরায় নিতেই হবে। এই পরিস্থিতিতে আমরা সার্বিক দিক ভেবেচিন্তে দেখেছি যে, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার জন্য যখন আমরা আরেকটি নতুন প্রশ্নপত্রের সেট তৈরি করে পরীক্ষা নিতে যাব, ঠিক সেই সময়েই সারা দেশের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব—ইনশাআল্লাহ।"
Comments