‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় পর্যায়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬' প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এই বিশেষ আয়োজনে উপস্থিত হন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা ও মননশীলতার বিকাশে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু করে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভিন্ন ধাপ পেরিয়ে প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত লড়াইয়ে অংশ নেয়।
দেশজুড়ে আয়োজিত এই মেধা অন্বেষণ উৎসবে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তৃণমূল থেকে মেধার স্বাক্ষর রেখে চূড়ান্ত পর্বে নির্বাচিত হওয়া দেশের এই শ্রেষ্ঠ ক্ষুদে শিক্ষার্থীদের হাতে আজ তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬'।
ক্ষুদে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখা কৃতি ব্যক্তি ও সফল শিক্ষাপ্রতিষ্ঠানকেও এই অনুষ্ঠানে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। মোট ১৫টি ক্যাটাগরিতে মনোনীত ১২ হাজার ৩৮৪ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সম্মানিত করা হবে।
দেশের ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে দুটি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সম্মাননা দেওয়া হবে।
Comments