ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব, সরকার উদ্যোক্তাদের পাশে আছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ ও নতুন উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেছেন, যারা নতুন উদ্যোক্তা বা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের সব ধরনের সহযোগিতার জন্য সরকার সবসময় পাশে রয়েছে।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ' শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
নতুন উদ্যোক্তা হওয়া বা স্টার্টআপ শুরু করার কাজটি অনেক কঠিন। তবে প্রবল ইচ্ছাশক্তি থাকলে যেকোনো বাধা পেরিয়ে সফল হওয়া সম্ভব। ব্যবসার শুরুতে তরুণদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। এই কঠিন সময়ে পথ দেখাতে এবং সহায়তা করতে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকবে। তরুণদের মেধা ও নতুন নতুন উদ্ভাবন দিয়ে মানুষ, সমাজ তথা সামগ্রিকভাবে দেশের উপকার করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত সফল ও উদীয়মান তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'এখানে আপনাদের মধ্যে অনেকেই নিজেদের উদ্যোগে বেশ এগিয়ে গেছেন। আপনারা মানুষ ও সমাজের কল্যাণে কাজ করছেন, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। এই দেশের লাখো কোটি মানুষের আপনাদের মতো উদ্যোক্তা প্রয়োজন। দেশের স্বার্থেই আপনাদের আরও এগিয়ে আসতে হবে।'
উদ্যোক্তাদের এই মিলনমেলায় দেশের ৮টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন খাতের সফল তরুণ উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
Comments