বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
দেশের বন্যাকবলিত ১১টি জেলায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বন্যাকবলিত এলাকার মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বন্যা উপদ্রুত অঞ্চলের স্বাস্থ্য পরিস্থিতি ও সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বন্যাদুর্গত এলাকায় এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে সফলভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে মানুষের সুরক্ষায় বন্যাকবলিত সব এলাকায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম পৌঁছে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুর্গত অঞ্চলের কোথাও কলেরা রোগে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন মন্ত্রী।
ব্রিফিংয়ে আদ্-দ্বীন হাসপাতাল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে অনেক বিষয়ের সংস্কার কাজ চালাচ্ছে। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে হাসপাতালটি পুনরায় পরিদর্শন করে এই বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments