৪১৬ বছরপূর্তি: ১ আগস্ট শুরু ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা পৌরসভার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ আগস্ট থেকে বর্ণাঢ্য 'ঢাকা উৎসব' আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার (১৩ জুলাই) ডিএসসিসি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে সবাইকে এই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, "আগামী ১ আগস্ট ঢাকা পৌরসভার ৪১৬ বছর পূর্ণ হতে যাচ্ছে। ঢাকার হারানো কৃষ্টি, সাহিত্য এবং ঐতিহ্যকে মানুষের মনে নতুন করে ফিরিয়ে আনতেই আমরা এই 'ঢাকা উৎসব' উদযাপনের উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধনে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।"
১ আগস্ট লালবাগ কেল্লা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ঢাকা দিবস উপলক্ষে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত টানা সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ডিএসসিসি। উৎসবের অংশ হিসেবে আদি ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্টল পরিদর্শন, 'ক্লিন ঢাকা' ও মশক নিধন কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকাবাইচসহ নানা ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ঢাকার গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসেই ডিএসসিসির এই বিশাল আয়োজন।
Comments