চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরেই দেশজুড়ে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, "নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ইতিমধ্যে কার্ড বিতরণ শুরু করেছি। আগামী পাঁচ বছরের মধ্যে ক্রমান্বয়ে এই ৪ কোটি পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।" তিনি আরও জানান, প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেশের প্রতিটি উপজেলার ৭,০০০ পরিবারের নারী সদস্য এই কার্ডের সুবিধা পাবেন এবং এর জন্য চলতি অর্থবছরের ঘোষিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
জনগণের কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, যতক্ষণ দেশের মানুষ বিএনপির পাশে থাকবে, ততক্ষণ সব বাধা উপেক্ষা করে জনগণের স্বার্থে কাজ করে যাবে সরকার। নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেই ধারা বজায় রেখে প্রথম শ্রেণী থেকে স্নাতক (পাস ও অনার্স) পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক করবে। একই সাথে মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হবে।"
মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর গৌরনদীতে পৌঁছায়। সেখানে তাঁকে স্বাগত জানান বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এরপর প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত 'সরিকল খাল'-এর পাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং গাছের চারা রোপণ করেন।
Comments