সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির
সরকার 'জুলাই সনদ' নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে, তারা আসলে গণতন্ত্রেই বিশ্বাস করে না।
আজ বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, "কোনো রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে, তবে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না। আমরা নির্বাচন চেয়েছিলাম, কোনো ষড়যন্ত্র চাইনি। কিন্তু রাজনৈতিক অঙ্গনে ষড়যন্ত্র করা হয়েছে এবং বিগত অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা তাদের এই ভূমিকার তীব্র নিন্দা জানাই।"
এ সময় জনগণের অধিকার আদায়ের প্রশ্নে বর্তমান সরকারকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।
সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা বিএনপির বর্তমান রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন। তারা অভিযোগ করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি দেশকে এক নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দেশে নতুন করে যেকোনো ধরনের রক্তপাত এড়াতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
Comments