তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ আইনি প্রক্রিয়ায় দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নাগরিক। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত আসা ব্যক্তিরা হলেন—রাজশাহীর বশির আহমেদ (২০) ও আহসান হাবীব (১৯); চাঁপাইনবাবগঞ্জের বাদশাহ মিয়া (২৯), সাজাদ (২১), রুবেল মিয়া (৩৫) ও আল মামুন (২৮); শেরপুরের মনিরুল ইসলাম (২২); এবং নেত্রকোনার রেজাউল ইসলাম (২৮), জাহিদুল ইসলাম (২৪) ও কাজিমুদ্দিন (২৪)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এই নাগরিকেরা বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। সেখানে সাজাভোগের পর বাংলাদেশ সরকারের বিশেষ আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আজ তাঁদের স্বদেশে ফেরত পাঠায়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিজিবি-বিএসএফ এবং দুই দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ১০ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। পরিচয় যাচাইসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ফেরত আসা ব্যক্তিদের স্বজনরা আগে থেকেই সীমান্তে অপেক্ষা করছিলেন। আইনি আনুষ্ঠানিকতা শেষে তাঁদের নিজ নিজ পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগের পর অবশেষে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি যুবক। আজ ৭ জুলাই দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তাঁদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারত।
Comments