কোমর পানি: চট্টগ্রামে আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’
চট্টগ্রামে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনটি ৬৫০-এর বেশি যাত্রী নিয়ে চট্টগ্রামের ষোলশহরে আটকে পড়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরের ষোলশহর স্টেশন পার হওয়ার কিছু দূর পরই ট্রেনটির যাত্রা থমকে যায়।
রেলওয়ে সূত্র জানায়, আজ সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় পর্যটক এক্সপ্রেস। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। তবে এর কিছু দূর যাওয়ার পরই চালক দেখতে পান সামনের পুরো রেললাইন পানিতে ডুবে আছে। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে চালক সেখানেই ট্রেনটি থামিয়ে দেন। শিডিউল অনুযায়ী, বেলা ২টা ৪০ মিনিটে ট্রেনটির কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল।
ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ষোলশহর এলাকায় রেললাইনে মাত্রাতিরিক্ত পানি উঠে যাওয়ায় পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। ট্রেনটিতে সাড়ে ছয় শতাধিক যাত্রী রয়েছেন। রেললাইন থেকে পানি নেমে গেলে এটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।" নির্ধারিত সময়ে (বেলা ২টা ৪০ মিনিট) কক্সবাজার পৌঁছাতে না পেরে ট্রেনের ভেতরেই চরম ভোগান্তিতে পড়েছেন শত শত পর্যটক ও সাধারণ যাত্রী।
এদিকে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, নগরীতে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে নগরীর অধিকাংশ নিচু এলাকা ও রেললাইন জলমগ্ন হয়ে পড়েছে।
Comments