সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল - স্বাস্থ্যমন্ত্রী
দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে 'লেবার রুম' (প্রসব কক্ষ) চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মিডওয়াইফ সোসাইটি আয়োজিত জাতীয় পর্যায়ের এক অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা ও পরিকল্পনাগুলো হলো, আগামী শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে ডেঙ্গু ও হামের প্রকোপ মোকাবিলায় সরকারিভাবে পর্যাপ্ত শয্যার (বেড) ব্যবস্থা রয়েছে। মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে 'মোবাইল হাসপাতাল' চালু করা হবে। এডিস মশার লার্ভা ধ্বংস করতে আগামী সাত দিনের মধ্যে সারাদেশে বিশেষ ট্যাবলেট সরবরাহ করা হবে।
স্বাস্থ্যখাতের মানোন্নয়নে খুব শিগগিরই ১ লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ হাজারই হবেন নারী কর্মী এবং এই নিয়োগে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবেন মিডওয়াইফরা (ধাত্রী)।
বাংলাদেশ মিডওয়াইফ সোসাইটির এই কর্মশালায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিডওয়াইফ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments