জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস: ৩ অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
সদ্য বিদায়ী জুন মাসে দেশজুড়ে বৃষ্টিপাতের ঘাটতি থাকলেও, চলতি জুলাই মাসে চিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে ভারী বর্ষণের কারণে দেশের ৩টি অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজ বুধবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, জুলাইয়ে প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পাবে। এর ফলে দেশের উত্তরাঞ্চল ,উত্তর-পূর্বাঞ্চল (সিলেট ও সংলগ্ন এলাকা), দক্ষিণ-পূর্বাঞ্চলে (চট্টগ্রাম ও পার্বত্য এলাকা) আকস্মিক ও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে
পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়েই আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। বঙ্গোপসাগরে চলতি মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পুরো মাসে প্রায় ৮ থেকে ৯ দিন দেশজুড়ে বজ্রঝড় হতে পারে। বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
Comments