পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপন করছে সরকার
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিরাপত্তা জোরদার করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে ৪টি নতুন থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর এলাকায় 'বরকাউ পুলিশ ক্যাম্প' উদ্বোধন শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এই তথ্য জানান।
আইজিপি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচলে ৪টি নতুন থানা, ৬টি পুলিশ তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন্স ৩টি উপ-কমিশনারের (ডিসি) কার্যালয় এবং ৪১টি আধুনিক পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম পুরোদমে চলছে।
এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পুলিশের অনুকূলে ইতোমধ্যে ২৯.২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮.৬৩ একর জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, পূর্বাচলকে ডিএমপির অধীনে এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের (এডিশনাল কমিশনার) নেতৃত্বে সম্পূর্ণ পৃথক একটি বিভাগ গঠন করা হবে। এই নতুন বিভাগে প্রায় ৬ হাজার ৫২৪ জন নতুন জনবল সৃষ্টির পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments