খামেনির শেষকৃত্যে অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন।
আজ মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরানের তেহরান, কোম ও মাশহাদ শহরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
ওই জানাজায় বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
উল্লেখ্য, চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর আগামী মাসে তাঁর শেষকৃত্যের তারিখ নির্ধারণ করেছে ইরান সরকার।
Comments