'রিফাইন্ড' বা অন্য কোনো নামেও কর্মসূচি করতে পারবে না আওয়ামী লীগ: তথ্য উপদেষ্টা
কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় 'রিফাইন্ড' (পরিশোধিত) কিংবা অন্য কোনো নতুন নামেও আওয়ামী লীগ দেশে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও নীতিগত সিদ্ধান্ত তুলে ধরতে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
সম্প্রতি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 'রিফাইন্ড আওয়ামী লীগ' বা দলটির ভিন্ন আঙ্গিকে ফেরার গুঞ্জন নিয়ে উপদেষ্টা বলেন: "আজকাল সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় 'রিফাইন্ড আওয়ামী লীগ' নিয়ে কিছু আলোচনা চোখে পড়ে। তবে পরিষ্কার কথা হলো— আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যত দিন নিষিদ্ধ রয়েছে, তত দিন তারা অন্য কোনো নাম দিয়েও পার পাবে না। সেটি 'রিফাইন্ড', 'নতুন আওয়ামী লীগ' কিংবা 'তৃণমূল আওয়ামী লীগ'— যাই বলা হোক না কেন, এই দলের কোনো কর্মসূচি পালন করার কোনো সুযোগ নেই।"
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি মনে করিয়ে দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, "কিছু কিছু গণমাধ্যম এখনো তাঁর (শেখ হাসিনা) বক্তব্য প্রচার করে যাচ্ছে, যা স্পষ্টত আদালতের নির্দেশনার অবমাননা। এটি একটি ফ্যাক্ট।"
তিনি আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব গণমাধ্যমকে এই বিষয়ে চিঠি দেওয়া হবে। সরকার এখনই কোনো কঠোর আইনি অবস্থান নিচ্ছে না, তবে গণমাধ্যমগুলো স্বপ্রণোদিত হয়ে আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে— এটাই সরকারের প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান দেশের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে একটি শক্তিশালী 'তথ্য কমিশন' গঠন করা হবে বলে আশ্বস্ত করেন। এ ছাড়া সরকারের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, তিস্তা মহাপরিকল্পনা এবং প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের নানা দিক নিয়ে কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।
Comments