কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয়, সংসদে সেতুমন্ত্রী
চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে প্রতি মাসে যে পরিমাণ টোল আদায় হয়, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে তার চেয়ে প্রায় দ্বিগুণ ব্যয় হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, টানেল থেকে মাসিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা টোল আদায় হলেও এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রতি মাসে খরচ হয় ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। টানেলের ভেতরে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা, বায়ু চলাচল ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো অত্যাবশ্যকীয় সেবার কারণে পরিচালন ব্যয় তুলনামূলক বেশি। তবে সেতুমন্ত্রী জানান, শুরুতে প্রতিদিন প্রায় ৩৭ লাখ টাকা ব্যয় হলেও সরকারের কৃচ্ছ্রসাধন নীতি এবং সেতু কর্তৃপক্ষের উদ্যোগে বর্তমানে দৈনিক ব্যয় ২২ থেকে ২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং টানেলটিকে লাভজনক করতে আরও বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার।
একই অধিবেশনে সংরক্ষিত মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত দেশের প্রথম বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) করিডরটি দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া, ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গণপরিবহনে জিপিএস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে গতিসীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে। অন্যদিকে সংরক্ষিত আসন-৩৫-এর সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যাটারিচালিত অটোরিকশাকে মহাসড়কের পরিবর্তে স্থানীয় ফিডার সড়কে সীমাবদ্ধ রাখতে নিবন্ধন বাধ্যতামূলক করা, ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা এবং কঠোর রুট নিয়ন্ত্রণসংবলিত নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে।
ফিটনেসবিহীন যানবাহন সংক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, যেসব যানবাহনের ফিটনেসের মেয়াদ ১০ বছর আগে শেষ হয়েছে, সেগুলো সড়ক থেকে অপসারণ ও নিবন্ধন বাতিল করা হচ্ছে এবং ৫ বছরের পুরোনো ফিটনেসবিহীন গাড়ির মালিকদের নোটিশ দিয়ে নবায়ন কার্যক্রম চালানো হচ্ছে। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে; যেখানে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ অথবা গাইবান্ধার বালাসী থেকে জামালপুরের দেওয়ানগঞ্জসহ তিনটি সম্ভাব্য রুট বিবেচনায় রয়েছে। এদিকে সংরক্ষিত আসন-১১-এর সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ঢাকা মহানগরের তিনটি লেভেল ক্রসিংয়ে বুয়েটের সহায়তায় পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ব্যারিয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সফল হলে পর্যায়ক্রমে সব গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে ক্যামেরা ও স্মার্ট গেট সিস্টেমসহ এই প্রযুক্তি চালু করা হবে।
Comments