১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনকে জনপ্রিয় করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই থেকে সারা দেশে সব ধরনের কেনাকাটা ও লেনদেনে 'বাংলা কিউআর' কোডের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে যেকোনো ব্যাংকের অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে সাধারণ গ্রাহকেরা খুব সহজেই এই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই 'বাংলা কিউআর কোড ক্যাম্পেইন'-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এই ক্যাম্পেইন উপলক্ষে একটি বিশেষ মেলারও আয়োজন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ইউনিফাইড 'বাংলা কিউআর' চালুর ফলে দেশের আর্থিক লেনদেন আরও স্বচ্ছ, সহজ ও নিরাপদ হবে। এর দুটি বড় ইতিবাচক দিক রয়েছে। ডিজিটাল লেনদেন বাড়লে বাজারে কাগজের নোটের ব্যবহার কমবে, যার ফলে সরকারের টাকা ছাপানো ও ব্যবস্থাপনার খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে। সব লেনদেন ডিজিটাল ট্র্যাকের আওতায় আসায় সরকারের রাজস্ব বা কর আদায় সহজ হবে।
ক্যাম্পেইনের উদ্বোধন শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এই ডিজিটাল পেমেন্ট মেলায় দেশের শীর্ষস্থানীয় চেইন শপ 'স্বপ্ন' ও 'আগোরা'সহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি রিটেইল শপ অংশ নিয়ে তাদের কিউআর পেমেন্ট ব্যবস্থা প্রদর্শন করে।
১ জুলাই থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনার আওতায় আসতে হবে, যার ফলে সাধারণ মুদি দোকান থেকে শুরু করে বড় শপিং মলেও একক কিউআর কোডের মাধ্যমে লেনদেন করা সম্ভব হবে।
Comments