দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫টি শিশু।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯টি শিশুই হামের উপসর্গ নিয়ে মারা গেছে; তবে ল্যাব টেস্টে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এই ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর আসেনি। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৫২টি শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৩ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৮৬০টি শিশু এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৬ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে আজ ২৫ জুন পর্যন্ত সাড়ে তিন মাসেরও কম সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৮টি শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬০৫টি শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি ছিল: মোট সন্দেহভাজন রোগী: ৯৬,৬৫৩ জন (হামের উপসর্গসহ্য, মোট নিশ্চিত রোগী: ১১,৪৪২ জন (ল্যাব টেস্টে প্রমাণিত), মোট হাসপাতালে ভর্তি: ৮০,৪৯৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন: ৭৬,৭৮৮ জন
বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
Comments