চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, চীনা বিনিয়োগকারীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম 'বিনিয়োগ কার্যালয়' চালু করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম' শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিলের চেয়ারম্যান রেন হংবিন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে এই উদ্যোগের লক্ষ্য ব্যাখ্যা করে বলেন, 'আমাদের উদ্দেশ্য খুবই সহজ। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে এবং আগ্রহ থেকে বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে চাই।'
বিনিয়োগকারীদের আস্থা ও আইনি সুরক্ষা বাড়াতে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিকে আরও আধুনিক ও উন্নত করার কাজ চলছে বলেও তিনি জানান।
বর্তমানে চীনা ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে যেসব সুবিধা চালু রয়েছে, প্রধানমন্ত্রী তা তুলে ধরেন। শীর্ষ বিনিয়োগ প্রচার সংস্থা 'বিডা' তে চীনা বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক রয়েছে।
বিভিন্ন খাতের সুযোগ, প্রণোদনা এবং প্রক্রিয়াগুলো সহজে জানতে চীনা বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত ওয়েবসাইট চালু রয়েছে।
বাংলাদেশে ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও সহজ করতে সরকার মেগা পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য: সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান ১৫ দিনেরও কম সময়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারবে।
সদ্য ঘোষিত জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পের মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলোর কথা অকপটে স্বীকার করে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন। তিনি বলেন, "আমি এখানে দাঁড়িয়ে এটা বলব না যে সবকিছু নিখুঁত। কিন্তু আমরা সমস্যাগুলো সম্পর্কে অবগত, সেগুলো নিয়ে কাজ করছি এবং সমাধান অব্যাহত রাখব।"
Comments