মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ায় দুই দিনের সফল সরকারি সফর শেষ করে চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ডালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রি-লা'তে নিয়ে যাওয়া হয়। সফরে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই সফরের প্রথম অংশে তিনি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম 'নিউ চ্যাম্পিয়নস'-এর বার্ষিক সভায় অংশ নেবেন। দালিয়ানের কর্মসূচি সম্পন্ন করে তিনি রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে এই সফরের মূল দ্বিপক্ষীয় কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 'সোনালি ৫০ বছর'-এ প্রবেশের মুখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উচ্চপর্যায়ের নেতৃত্বের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়
চীনে পৌঁছানোর আগে মালয়েশিয়া সফরের শেষ অংশে কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক একান্ত বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের ঐ বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।
উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
Comments