‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’
আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক দল নয়, বরং একটি মাফিয়া দল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, "সেনাবাহিনী মোতায়েন করার মানে এই নয় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলবে। অনেক কিছু করে ফেলার মতো নৈতিক সাহস তাদের আছে বলে আমি মনে করি না। দেশের সবার যদি ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) হয়, তখন হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে নয়।" মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা আদালতের বিচারের পর নির্ধারিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ সংক্রান্ত মামলা চলছে। জুলাই মাসে যে মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেখানে আওয়ামী লীগ দল হিসেবে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংগঠন হিসেবে দলটির সম্পৃক্ততা প্রমাণিত হলে আদালতই তাদের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও বলেন, যেহেতু বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই তারা কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামতে চাইলে তা আইনভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সরকার স্বাভাবিকভাবেই আইনগত ব্যবস্থা নেবে। তবে সম্ভাব্য ছোটখাটো নাশকতা মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান জানান, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে এবং পরবর্তী এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এছাড়া, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি স্বাধীন 'মিডিয়া কমিশন' গঠনের বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নাগরিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গণপরিবহনে জিপিএস যুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে এবং গাড়ি চালানোর সময় তা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এর পাশাপাশি দেশের আরও ১০টি জেলায় নতুন রেল যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা আরও জানান, প্রতি বছর বাজেটের পর বাজারে যেভাবে পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়, এবার সেটি নেই বললেই চলে।
Comments