ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছুই নেই: গভর্নর
ইসলামী ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে তিনি জানান, সংকটে থাকা সম্মিলিত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হবে।
আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর এ সব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের জবাব দিয়ে বলেন, 'অনলাইনে একধরনের গুজব ছড়ানো হয়েছে যে—বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এই তথ্যটি মোটেও সঠিক নয়।'
তিনি প্রকৃত পরিস্থিতি তুলে ধরে জানান, এই ব্যাংকগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা ও করণীয় নির্ধারণে গত মঙ্গলবারই (৯ জুন) বোর্ডের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ, ব্যাংকগুলোর সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে এবং খুব শিগগিরই আমানতকারীদের টাকা ফেরতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে।
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পেশের পরদিন আয়োজিত এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে সরকারের একাধিক নীতিপরিসম্পদ ও মন্ত্রী উপস্থিত ছিলেন।
মঞ্চে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
Comments