দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান: প্রবাসীকল্যাণমন্ত্রী
দেশের বিশাল কর্মক্ষম যুবশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বর্তমানে সারা দেশে ১১০টি কারিগরি ও সমমনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি বছর ১২ লাখেরও বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আজ সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিচুর রহমানের প্রশ্নের প্রেক্ষিতে এই উত্তর দেন মন্ত্রী। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সদস্য আনিচুর রহমান তাঁর প্রশ্নে দেশে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কতটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চালু রয়েছে এবং নতুন কোনো কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে কি না, তা জানতে চান।
উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) সব মিলিয়ে সারা দেশে মোট ১১০টি স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু রয়েছে।
মন্ত্রী সংসদকে অবহিত করেন যে, বর্তমানে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাজারের চাহিদা অনুযায়ী ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড বা কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন: 'এই আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ায় প্রতি বছর ১২ লাখের বেশি প্রশিক্ষণার্থীকে কারিগরি জ্ঞান প্রদান করা হচ্ছে। এখানকার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীরা দেশ ও বিদেশের শ্রমবাজারে অত্যন্ত সফলতার সাথে কর্মসংস্থানের সুযোগ করে নিচ্ছেন।"
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় এবং তৃণমূল পর্যায়ে সহজলভ্য করা।
এই লক্ষ্য বাস্তবায়নে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের মেগা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে '৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন' শীর্ষক একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, নতুন এই প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় যুবসমাজের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে।
Comments