দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের প্রতিটি জেলা থেকে সংগৃহীত পুলিশের অপরাধচিত্র (ক্রাইম ডাটা) বিশ্লেষণ করে সরকার এই তথ্য পেয়েছে।
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গত রবিবার (৭ জুন) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সংবাদ সম্মেলনে দাবি করে, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।
এই রিপোর্টের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি টিআইবির রিপোর্টের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, 'টিআইবি মূলত পত্রিকার কাটিং থেকে তাদের রিপোর্ট তৈরি করে, তারা নিজেরা মাঠে গিয়ে কোনো তদন্ত করে না। সরকারের কাছে থাকা প্রাতিষ্ঠানিক তথ্যানুযায়ী, ২০২৫ সালের তুলনায় বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি হয়েছে।'
মন্ত্রী আরও যোগ করেন, গত কয়েক মাসে পুলিশের ভাবমূর্তি অনেক বেড়েছে এবং পুলিশকে একটি জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার সক্ষম হয়েছে।
এদিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাহসিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ পুলিশের ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুরস্কৃতদের প্রত্যেককে ২০ হাজার টাকা ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এছাড়া বিশেষ অবদানের জন্য নৌ পুলিশের ৩ জন সদস্যকে 'আইজি ব্যাজ' পরিয়ে দেন মন্ত্রী।
পুরস্কার বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, 'পুলিশ বাহিনীকে নৈতিকভাবে শক্তিশালী করতে এবং তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে কখনো পুলিশ সদস্যদের এ ধরনের সাহসিকতার জন্য আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়নি, যা এখন থেকে নিয়মিত করা হবে। এর ফলে পুরো পুলিশ বাহিনী অনুপ্রাণিত হবে।'
Comments