১৫ দিনের মধ্যে ফাহিমা হত্যার বিচার চাইলেন ডা. শফিকুর রহমান
সিলেটের সোনাতলায় চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামী ১৫ দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (২ জুন) সিলেটে নিহত ফাহিমার গ্রামের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ ও সান্ত্বনা প্রদানকালে তিনি সরকারের প্রতি এই দাবি জানান।
নিহত শিশুর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, "নিষ্পাপ শিশু ফাহিমার ওপর সংঘটিত এই অমানুষিক ও নৃশংস ঘটনা পুরো জাতিকে স্তব্ধ ও ব্যথিত করেছে। দেশে বিচারহীনতার সংস্কৃতি এবং আইনি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই সমাজে এই ধরনের জঘন্য অপরাধ বারবার ঘটছে।"
তিনি আরও বলেন, "ফাহিমা হত্যার বিচার আগামী ১৫ দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয়, সেজন্য এই ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।"
আজ দুপুরে বিরোধীদলীয় নেতা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফাহিমার বাড়িতে পৌঁছান। সেখানে তিনি নিহত শিশুর বাবা-মায়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের মনের আকুতি ও কষ্টের কথা শোনেন। সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি ও সামাজিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন—জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
Comments