ঢাকার রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবে এআই
ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর ৩০টি মোড়ে এআইভিত্তিক 'পিটিজেড' ক্যামেরা বসিয়েছে। ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই প্রযুক্তির কারণে চালকেরা এখন সিগন্যাল মেনে চলছেন, স্টপ লাইনের আগে গাড়ি থামাচ্ছেন এবং ট্রাফিক আইন ভাঙতে ভয় পাচ্ছেন।
এই ক্যামেরাগুলো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও সংগ্রহ করছে। পরে বিআরটিএর তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে গাড়ির মালিকের নামে ডিজিটালি মামলা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১৩ দিনে প্রায় ১২ হাজার ভিডিও বিশ্লেষণ করে ৫৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বর্তমানে যেসব অপরাধ নজরদারিতে রয়েছে:
- উল্টো পথে গাড়ি চালানো
- সিগন্যাল অমান্য
- স্টপ লাইন ও জেব্রাক্রসিং ভঙ্গ
- হুটহাট লেন পরিবর্তন
- অবৈধ পার্কিং
- রাস্তা আটকে যাত্রী ওঠানামা করানো
আগামীতে সিটবেল্ট না বাঁধা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও গণপরিবহনে যত্রতত্র যাত্রী ওঠানামার বিষয়ও নজরদারিতে আনা হবে।
ডিএমপি জানিয়েছে, পর্যায়ক্রমে রাজধানীতে ৫০০ এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। তবে নিবন্ধনহীন ব্যাটারিচালিত রিকশা, অস্পষ্ট বা নম্বরপ্লেটবিহীন যানবাহন এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকর "শেষ ওষুধ" হতে পারে, তবে সফল করতে হলে অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নীতিগত পরিবর্তন জরুরি।
Comments