কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই অপসারিত হবে বর্জ্য: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই ঢাকাকে বর্জ্যমুক্ত ও পরিচ্ছন্ন করা হবে। পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই এই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে বলে তিনি নিশ্চিত করেন।
বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডস্থ সবজি বাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বর্জ্য ব্যবস্থাপনায় ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং ডিএসসিসির নিজস্ব পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। এবার দক্ষিণ সিটি এলাকায় ১১টি পশুর হাট বসানোর দরপত্র আহ্বান করা হয়েছে। হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ, জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ টহল থাকবে। বর্ষা মৌসুমকে সামনে রেখে এখন থেকেই মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম ও জরিপ চালানো হচ্ছে। প্রশাসক নগরবাসীকে নিজেদের বাড়ি, আঙিনা ও ড্রেন পরিষ্কার রাখার এবং পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
এক সময়ের দুর্গন্ধময় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোকে (এসটিএস) আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করা হচ্ছে। ইতোমধ্যে ৩টি এসটিএস-এর রূপান্তর শেষ হয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলোকেই নান্দনিক রূপ দেওয়া হবে।
ঢাকাকে দূষণ ও যানজটমুক্ত করতে জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, "জনগণ পাশে থাকলে আগামী দুই বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা বদলে দেওয়া সম্ভব।"
তিনি আরও উল্লেখ করেন যে, সরকারপ্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত ঢাকা শহরের পার্ক, খালসহ বিভিন্ন সমস্যার খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন, যা সিটি করপোরেশনের কাজকে অনেক সহজ করে দিচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments