দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে কখনই ক্ষমতায় আনবে না। তিনি বলেন, "তারা আমাদের মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা কোনোভাবেই তাদের ক্ষমতায় আনতে পারি না। আমরা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। যারা ধর্মের নামে মিথ্যাচার ও অপপ্রচার করে, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।"
আজ বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কিছু নির্দিষ্ট দল ও গোষ্ঠী বর্তমানে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে— বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কার চায় না। এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন:
"যারা এসব কথা বলছেন, তারা স্পষ্টত মিথ্যাচার করছেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের মিথ্যাচার বন্ধ করুন, দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। ধর্মের নামে রাজনীতি করে এমন একটি দল প্রতিনিয়ত মিথ্যা ছড়াচ্ছে। রাজনীতি করতে হবে সত্যের ওপর ভিত্তি করে এবং জনগণের কল্যাণে।"
ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সুখবর দিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে এই বিমানবন্দরটি পুরোদমে চালু করা হবে। দলের শীর্ষ নেতৃত্বের দূরদর্শিতার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবেই। তাঁর সেই ঘোষণার পর পুরো জেলার মানুষ উজ্জীবিত হয়েছিল। আমরা হয়তো সবাই বিমানে যাতায়াত করব না, কিন্তু এটি আমাদের পুরো অঞ্চলের জন্য একটি বড় গর্বের বিষয়।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন: "আমরা তাড়াহুড়ো করে এমন কিছু করতে চাই না যা দুই দিন পর বন্ধ হয়ে যাবে। আমরা বিমানবন্দরের একটি স্থায়ী ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে চাই। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে ওয়াদা করেছি, তা অবশ্যই রক্ষা করা হবে। যত দ্রুত সম্ভব এটি চালুর জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।"
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Comments