রক্তপাতহীন ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি
নির্বাচন কমিশন (ইসি) একটি সম্পূর্ণ রক্তপাতহীন, নিরপেক্ষ ও সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে এই নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।
আজ সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 'রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি' (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর জোর দিয়ে সিইসি বলেন, "আসন্ন লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। অতীতে দেখা গেছে, এই নির্বাচনে অনেক রক্তপাত ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এবার কোনো রক্তপাত দেখতে চাই না। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে, তারা স্থানীয় নির্বাচনে কোনো ঝামেলায় জড়াবে না। প্রয়োজনে আপনারা নিজেরা বসে একটা ফয়সালা বা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন।"
সিইসি নিশ্চিত করেন যে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। তবে এর মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী মনোনয়নের ঘোষণা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সিইসি বলেন, "দলীয় প্রতীক না থাকার পরও দলগুলো মনোনয়নের ঘোষণা দিচ্ছে, যা আমার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সবাই স্বতন্ত্র প্রার্থী হলে দলের দঙ্গল বা আধিপত্য থাকত না। সারা দুনিয়ার সভ্য দেশের মতো আমাদের দেশেও একটি সুস্থ নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলা দরকার।"
নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণে বদ্ধপরিকর জানিয়ে সিইসি বলেন, "আমাদের সদিচ্ছায় কোনো ঘাটতি থাকবে না। তবে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার একটি সমন্বয় ও সহযোগিতা লাগবে।"
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার কারণে নির্বাচন পরিচালনা ও আচরণবিধিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানান সিইসি। তিনি বলেন, "আচরণবিধি সংশোধনের কাজ চলছে। এই বিধি-বিধানগুলো চূড়ান্ত করার পর আমরা সরকারের সাথে বসব। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়, তাই সরকারেরও কিছুটা প্রস্তুতির সময় প্রয়োজন।"
Comments