‘পাটওয়ারী বাইরে গিয়ে গালিগালাজ করলেও আমরা ক্ষুব্ধ নই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য’: সিইসি
নির্বাচন কমিশনকে (ইসি) 'আপাদমস্তক পরিবর্তন' করার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারির জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, "উনার এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত। আমরা একদমই ক্ষুব্ধ নই; বরং এটাই গণতন্ত্রের সৌন্দর্য।"
আজ সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে দুই নেতার মধ্যে এমন বক্তব্য ও পাল্টা বক্তব্যর ঘটনা ঘটে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে চরম 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' (নির্বাচনী কারচুপি) হয়েছে বলে তীব্র সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের ভবিষ্যতে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনের প্রধানের উপস্থিতিতেই পাটওয়ারী বলেন, "এখানে অনেকে অনেক ইতিবাচক কথা বললেন, কিন্তু এটি সম্পূর্ণ একটি পাতানো বা ইঞ্জিনিয়ার্ড নির্বাচন ছিল। কক্সবাজারের হামিদুর রহমান আযাদ ভাইকে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। আমার এই বক্তব্যের পর এই অফিসে আমাকে আর ঢুকতে দেওয়া হবে কি না জানি না; তবে ইনশাআল্লাহ দেশে আরেকটি গণ-অভ্যুত্থান হলে প্রথমেই নির্বাচন কমিশনে হাত দেওয়া হবে এবং এই প্রতিষ্ঠানটিকে গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করা হবে। এটাই হবে আমার প্রথম লক্ষ্য।"
নির্বাচনে কমিশনের দ্বিমুখী নীতির অভিযোগ এনে তিনি আরও বলেন, "নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কীভাবে ডিসি অফিসে বসে নগ্নভাবে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করেছে, তা পুরো বাংলাদেশ দেখেছে। আমরা এই নগ্ন কারচুপির সমস্ত রিপোর্ট আন্তর্জাতিক মহলের কাছেও পাঠিয়েছি।"
নাসীরুদ্দীন পাটওয়ারীর এই ঝাঁঝালো বক্তব্যের পর নিজের বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বেশ শান্ত ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখান।
তিনি বলেন, "নির্বাচন কেমন হয়েছে তা আপনারা এবং দেশের মানুষ দেখেছে। তবে নাসিরউদ্দীন ভাইয়ের এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত। এর আগে কমিশনের সঙ্গে বিভিন্ন মিটিং শেষ করে বাইরে গিয়ে মিডিয়ার সামনে উনি আমাদের গালিগালাজ করেছেন। তবুও আমরা তাঁর ওপর একদমই ক্ষুব্ধ নই।"
পাটওয়ারীর প্রশংসা করে সিইসি আরও বলেন, "আমি ব্যক্তিগতভাবে উনাকে পছন্দ করি। কারণ, উনি মুখের ওপরে হক কথা বলেন। মিটিংয়ের ভেতরে এক কথা আর বাইরে গিয়ে অন্য কথা বলা লোক উনি নন। তিনি যেভাবে অকপটে নিজের ক্ষোভ প্রকাশ করেন, আমি মনে করি এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।"
অনুষ্ঠানে সেনা, নৌ, বিমানবাহিনী ও পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
Comments