ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা পিকআপে ধাক্কা: নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে আবারও ঝরল প্রাণ। এবার দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে অন্য একটি পিকআপ ধাক্কা দেওয়ায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
আজ সোমবার (১৮ মে) ভোর ৪টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার আতাদী সেতুর ওপর ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বয়স ৩০ বছরের কাছাকাছি হলেও এখনো তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ঢাকামুখী লেনে চলন্ত একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে যায়। চালক ও তার সহকারী এক্সপ্রেসওয়ের পাশে গাড়িটি দাঁড় করিয়ে চাকা পাল্টাচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী পিকআপ দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই পিকআপের চালক ও সহকারী প্রাণ হারান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভাঙ্গা অংশে গত কয়েকদিনে এক্সপ্রেসওয়েতে একই কায়দায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যাতে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন।
গত শনিবার ভোরে ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার কাছে চাকা ফেটে যাওয়া একটি পণ্যবাহী ট্রাকের চাকা বদলানোর সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ট্রাকের চালক ও তার সহকারী (যারা সম্পর্কে বাবা-ছেলে ছিলেন) নিহত হন। এর আগে গত ১৪ মে রাতেও ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বড় কাভার্ড ভ্যানের পেছনে ছোট একটি পিকআপ ধাক্কা দিলে ওই পিকআপের চালক ও সহকারী নিহত হন।
বারবার একই ধরনের দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে নষ্ট বা বিকল হওয়া গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে আরও সতর্কতার দাবি তুলছেন স্থানীয় ও চালকেরা।
Comments