শুরু হলো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। আগামী ২৭ জুন ঈদ ধরে এবারের টিকিটও শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট পাওয়া যাবে:২৩ মে'র টিকিট আজ ১৩ মে থেকে। ২৪ মে'র টিকিট ১৪ মে। ২৫ মে'র টিকিট ১৫ মে। ২৬ মে'র টিকিট ১৬ মে। ২৭ মে'র টিকিট ১৭ মে।
একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম টিকিট এক মৌসুমে একজন যাত্রী কেবল একবারই কিনতে পারবেন।
অগ্রিম কেনা টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে (মোট আসনের ২৫ শতাংশ)।
রেলওয়ের যুগ্ম পরিচালক (অপারেশন) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, ঈদে বাড়তি চাপ সামলাতে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে ২২ ও ২৩ মে 'ক্যাটল স্পেশাল' ট্রেন চলাচল করবে। এই ট্রেনগুলো দেওয়ানগঞ্জ ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে এসে ঢাকার কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।
যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এবার অনলাইনে কারিগরি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
Comments