সড়ক আইন ভাঙলে কাটা যাবে 'পয়েন্ট', ১২ হলেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন থেকে ট্রাফিক আইন ভঙ্গ করলে চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে পয়েন্ট কাটা যাবে। মোট ১২ পয়েন্ট খোয়ালে স্থায়ীভাবে বাতিল বা স্থগিত হবে লাইসেন্স। আপাতত চার চাকার যানবাহনের ক্ষেত্রে এই 'ডিমেরিট পয়েন্ট' ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এতদিন আইন ভাঙলে সাধারণত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে মামলা দেওয়া হতো, যার জরিমানা গুনতেন মালিক। কিন্তু এখন থেকে জরিমানার পাশাপাশি সরাসরি চালকের লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে।
মোট ১৩ ধরনের ট্রাফিক অপরাধের জন্য আলাদাভাবে পয়েন্ট কাটার বিধান রাখা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ডিজিটাল নজরদারি ও অটো মামলার মাধ্যমে এই পয়েন্ট চালকের ডাটাবেজে যুক্ত হবে। কোনো চালক পয়েন্ট হারানোর পর টানা ছয় মাস কোনো আইন ভঙ্গ না করলে তাঁর অ্যাকাউন্টে পুনরায় ২ পয়েন্ট যোগ হবে। এছাড়াও সংক্ষুব্ধ চালকদের জন্য আপিলের সুযোগ রাখা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত দুই মাসেই এই ব্যবস্থার অধীনে ১ হাজারেরও বেশি চালক পয়েন্ট হারিয়েছেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, "আমাদের মূল লক্ষ্য শুধু জরিমানা বা শাস্তি নয়, বরং চালকদের সচেতন করা। আইন মানলে কারো পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে না।"
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানালেও কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। তারা জানান, মাঠ পর্যায়ের অনেক চালক এখনো এই ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে জানেন না।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, "আইন বাস্তবায়নের পাশাপাশি সড়ককে লেনভিত্তিক করা এবং চালকদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা জরুরি। অধিকাংশ চালক অপেশাদার পরিবেশে কাজ শিখেছেন, তাদের সচেতনতা বাড়ানোই হবে বড় চ্যালেঞ্জ।"
Comments