ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকতে হবে, পতিসরে রবীন্দ্র জয়ন্তীতে মির্জা ফখরুল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ের পতিসরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী ও হতাশাবাদী গোষ্ঠী ছোটখাটো ইস্যু তৈরি করে সমাজকে অস্থির করার চেষ্টা করছে।
জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশে একটি গোষ্ঠী সারাক্ষণ হতাশাবাদ ছড়ায় এবং গোলযোগ সৃষ্টির মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করতে চায়। এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। ছাত্র-জনতার 'জুলাই যুদ্ধের' মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে। মানুষ নতুন সরকারের ওপর অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। বিগত ফ্যাসিস্ট শক্তি দেশের অর্থনীতি লুটপাট করেছে, ব্যাংক খালি করে বিদেশে টাকা পাচার করেছে এবং প্রশাসনকে ধ্বংস করে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের লড়াই চলছে।
রবীন্দ্রনাথ ঠাকুরকে আজও অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে মন্ত্রী বলেন, কবি পতিসরে কৃষকদের দুর্দশা লাঘবে ব্যাংক স্থাপন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রবর্তন করেছিলেন, যা আজও আমাদের অনুপ্রেরণা। সাহিত্য ও সংস্কৃতি চর্চা মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। একটি পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠনে কবিতা ও গানের চর্চা অপরিহার্য।
রাজনীতি ও জাতীয়তাবাদের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমাদের রাজনীতি এখনো পুরোপুরি পরিচ্ছন্ন নয়। তবে আমাদের মনে রাখতে হবে আমাদের মূল ভিত্তি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ। আমরা ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি এবং বারবার লড়াই করেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছি।" তিনি সবাইকে 'বাংলাদেশি' হিসেবে নিজেদের স্বকীয় পরিচয় ধারণ করার আহ্বান জানান।
রাজশাহীর বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ভূমিমন্ত্রী মিজানুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার, নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
Comments