ঈদুল আজহা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার (৮ মে) সকাল থেকে একযোগে অনলাইন প্ল্যাটফর্ম ও বাস কাউন্টারগুলোতে টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।
২১ মে থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে অনলাইনের পাশাপাশি সশরীরে কাউন্টার থেকেও টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ২৪ মে রাত, ২৫ মে সারাদিন এবং ২৬ মে সকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অনেক রুটে এই সময়ের টিকিট সকাল ১০টার মধ্যেই শেষ হয়ে গেছে।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর অবস্থানে রয়েছে পরিবহন মালিক সমিতি ও বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। অনলাইন এবং কাউন্টার—উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে।
স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বাস কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আগেভাগে টিকিট সংগ্রহের প্রবণতা বেশি।
Comments