প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবি'র নির্বাহী পরিচালকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইফতেখারুজ্জামান জানান, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় অঙ্গীকারগুলো বাস্তবায়নের লক্ষে টিআইবি'র পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বেশ কিছু সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন:"প্রধানমন্ত্রী আমাদের পরামর্শগুলো অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি সাধ্যমতো কাজ করে যাবেন।"
বৈঠকে ২০২৮ সালে অনুষ্ঠিতব্য 'আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স' বাংলাদেশে আয়োজন করার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান জানান, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলে সম্মতি দিয়েছেন।
টিআইবি মনে করে, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে আয়োজিত হলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ও অঙ্গীকার বিশ্বদরবারে জোরালোভাবে প্রতিফলিত হবে। একই সঙ্গে এটি দেশের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
Comments