শাপলা চত্বর গণহত্যা মামলা: তলব করা হলো মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে
২০১৩ সালের ৫মে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৪ মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন। শুনানির সময় প্রসিকিউশনের পক্ষ থেকে মোজাম্মেল বাবু, ফারজানা রুপা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে হাজিরা পরোয়ানা জারির আবেদন করা হয়।
আদালতে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম যুক্তি উপস্থাপন করে বলেন, শাপলা চত্বরে অভিযান চলাকালীন ডা. দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডকে 'উচ্ছৃঙ্খল মানুষ নির্মূল' হিসেবে আন্তর্জাতিক মহলে প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছিলেন। মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ, তারা একাত্তর টেলিভিশনের মাধ্যমে হেফাজতে ইসলামের ওই সমাবেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচার করেছিলেন, যা পরিস্থিতিকে আরও সহিংস করে তুলেছিল।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৪ মে পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন। বর্তমানে মামলাটির তদন্ত চলছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল, ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।
Comments