ঈদুল আজহা’র সম্ভাব্য তারিখ
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার ক্ষণগণনা শুরু হয়েছে। বিভিন্ন দেশের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার 'উম আল কুরা'র হিসাব মতে, চলতি জিলকদ মাসটি ৩০ দিনে পূর্ণ হতে পারে। সেই অনুযায়ী, আগামী ১৭ মে জিলহজ মাস শুরু হওয়ার কথা। জিলহজ মাসের ১০ তারিখে ঈদ পালিত হয় বিধায় সৌদি আরবে ২৭ মে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
দেশটিতে ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালনের প্রস্তুতি চলছে। পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে ২৭ মে ঈদ উদযাপনের আভাস দিয়েছেন। মুসলিম জীবনধারাভিত্তিক প্ল্যাটফরম 'হাইফেন' জানিয়েছে, স্থানীয়ভাবে চাঁদ দেখা সাপেক্ষে ইউরোপ ও যুক্তরাজ্যে ২৭ অথবা ২৮ মে ঈদ পালিত হতে পারে।
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায়, বাংলাদেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করবে।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়ক যানজটমুক্ত রাখতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে বহুমুখী প্রস্তুতি শুরু করেছে। পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Comments