ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘এপিক ফিউরি’ অভিযান শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান 'অপারেশন এপিক ফিউরি' সমাপ্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানে পরিচালিত এই প্রাথমিক সামরিক অভিযানের লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে। অভিযান সমাপ্তির ঘোষণা দিয়ে তিনি বলেন: "আমাদের প্রাথমিক সামরিক লক্ষ্যগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা সংঘাত নয়, বরং শান্তির পথই খুঁজছি। প্রেসিডেন্টও (যুক্তরাষ্ট্রের) একটি গঠনমূলক চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।"
অভিযান শেষ হওয়ার বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সরকারি বিবৃতি দেয়নি। তবে এই ঘোষণার আগে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ এক কঠোর বার্তায় জানিয়েছিলেন: বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র একে শেষ মনে করলেও, ইরানের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া মাত্র শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে 'অপারেশন এপিক ফিউরি' ছিল ইরানকে চাপে রাখার একটি বড় পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে ওয়াশিংটন কূটনৈতিক আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিলেও, তেহরানের পরবর্তী পদক্ষেপ কী হয়—সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।
Comments