মেগা প্রকল্পের নামে টাকার অপচয় আর নয়: সেতুমন্ত্রী
বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার। মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 'ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে' শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, "প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না। এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।" তিনি আরও জানান, এখন থেকে যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
একই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রকল্পের স্বচ্ছতা নিয়ে কথা বলেন। তিনি মন্তব্য করেন, "সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে—বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি। কাজের স্বচ্ছতা ও সততার মাধ্যমে আমাদের এই নেতিবাচক ধারণাটি পরিবর্তন করতে হবে।" তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিটি কাজে জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।
ঢাকার যানজট নিরসনে প্রস্তাবিত এই মেগা প্রকল্পটি উপশহরগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এটি সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর উপজেলাকে সরাসরি সংযুক্ত করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার মূল শহরের ওপর চাপ কমবে এবং আশপাশের এলাকার শিল্প ও বাণিজ্য গতিশীল হবে।
Comments