শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত, ৭ জুন তদন্ত প্রতিবেদন
২০১৩ সালের ৫মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, নিহত এই ৫৮ জনের প্রত্যেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান।
চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থার দীর্ঘ অনুসন্ধানে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় এই ৫৮ জনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার প্রমাণ মিলেছে। ৫মে দিন ও রাতে মতিঝিল ও আশপাশের এলাকায় ৩২ জন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জে ৬মে সহিংসতায় নিহত হন ২০ জন। একই দিনে চট্টগ্রামে ৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। কুমিল্লায় ১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আমিনুল ইসলাম বলেন, "নিহতদের অনেকের ময়নাতদন্ত না হলেও তাদের কবরের অবস্থান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে তদন্ত সংস্থা পরিচয় নিশ্চিত করেছে।"
এই মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আগামী ৭ জুন ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ওইদিনেই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন গতি পায়। এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আরও অনেকে।
Comments