মে মাসের শেষে অথবা ঈদের পর বাড়ছে মেট্রোরেলের সময়
রাজধানীর যানজটমুক্ত যাতায়াতের জনপ্রিয় মাধ্যম মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। বিশেষ করে রাতে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে চলাচলের সময় প্রায় ৪০ থেকে ৫০ মিনিট বৃদ্ধির প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এ সংক্রান্ত কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, বর্তমানে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়, যা বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেনটি রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার কথা ভাবা হচ্ছে। তবে ভোরের দিকে ট্রেন চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
নতুন সূচি অনুযায়ী কেবল সময় বৃদ্ধি নয়, যাত্রীদের চাপ সামলাতে দুই ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধানও (হেডওয়ে) কমানো হচ্ছে।
পিক আওয়ারে বর্তমানে ৫ মিনিট পরপর ট্রেন চলে, যা কমিয়ে ৪ মিনিট ৩০ সেকেন্ড করা হবে। অফপিক আওয়ারে বর্তমানে ৭ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলে। বর্তমানে দিনে ২৯৭ বার ট্রেন আসা-যাওয়া করে, সময় বাড়লে ট্রিপের সংখ্যা আরও বাড়বে। বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন চললেও নতুন সূচিতে ১৪ সেট ট্রেন ব্যবহার করা হবে।
মেট্রোরেলের নিয়মিত যাত্রীদের মতে, রাতের শেষ ট্রেনগুলোতেও উপচে পড়া ভিড় থাকে। বিশেষ করে যারা বেসরকারি চাকরিজীবী বা আইনজীবী, যাদের ফিরতে দেরি হয়, তাদের জন্য সময় বাড়ানো অত্যন্ত জরুরি।
বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সোয়া ৪ লাখ যাত্রী যাতায়াত করছেন। কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ চালু হলে এই সংখ্যা ৬ লাখ ৭৭ হাজারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। লোকবল সংকটের কারণে ধীরে ধীরে সময় বাড়ানো হলেও ডিএমটিসিএল কর্মকর্তাদের মতে, ভবিষ্যতে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে তাদের।
২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধনের পর থেকে ধাপে ধাপে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রা শুরু করেছে মেট্রোরেল। এবার রাতে সময় বাড়ানোর পদক্ষেপে রাজধানীবাসীর যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে ধারণা করা হচ্ছে।
Comments